কক্সবাজারের চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে গেলে নারী-শিশুসহ সাত জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে এক জন পথচারী ও বাকি ছয় জন মাইক্রোবাসের যাত্রী। এদের মধ্যে এক জন ঘটনাস্থলে বাকি ছয় জন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি শাকের মো. যুবায়ের। গতকাল রবিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আরো তিন জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মাইক্রোবাসের যাত্রীরা কক্সবাজার থেকে বাঁশখালী যাচ্ছিলেন।
নিহতরা হলেন :চকরিয়ার ফাঁসিয়াখালির ৩ নম্বর ওয়ার্ডের ইসমাঈলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), কক্সবাজার পৌরসভার ঘোনাপাড়ার প্রদীপের স্ত্রী পূর্ণিমা (৩০) ও তাদের সন্তান স্বার্থক (৩), চকরিয়ার ডুলাহাজারার ১ নম্বর ওয়ার্ডের রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫০) ও তার স্ত্রী মধুমিতা (৪৫), চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের শংকর রৌদ্রের মেয়ে রানী রুদ্র (২৪)। অপর একজনের নাম জানা যায়নি।
এসময় আহত হয়েছেন ঘোনাপাড়ার প্রদীপ ও তার মেয়ে শ্যামলী এবং মানিকগঞ্জের বাবর আলীসহ অজ্ঞাত আরো কয়েক জন। তাদেরকে চকরিয়ার স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
চকরিয়া থানার এসআই মোশাররফ হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চট্টগ্রামমুখী যাত্রীবোঝাই একটি মাইক্রোবাস কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের আতব্বরপাড়া ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আচমকা ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ টিমও আসে ঘটনাস্থলে। অনেক চেষ্টায় গাড়িটি ডোবার কিনারে আনা গেলেও মাইক্রোবাসের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় যাত্রীদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টায় তাদের বের করার পর একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের হাসপাতালে নেওয়ার পর সেখান মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের স্বজনদের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মরদেহগুলো চকরিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বাউফলে যুবকের মৃত্যু
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা জানান, বাউফলে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হুমায়ুন কবির (৩০) নামের এক যুবক মারা গেছেন। গত শনিবার সাড়ে ৮টার দিকে দশমিনা ও বাউফলের নওমালা সড়কের ভাঙ্গা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। হুমায়ুনের বাবার নাম রেজাউল করিম বিশ্বাস।
