লেবাননে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু এবং ৭৯ জন আহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে দেশটির উত্তরাঞ্চল আক্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহতদের বাঁচাতে চিকিত্সার জন্য বিদেশে পাঠানো হতে পারে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর আলজাজিরার
সামরিক ও নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, আক্কারের আলতালিল শহরে কালোবাজারিদের লুকিয়ে রাখা একটি জ্বালানি ট্যাংকার জব্দ করেছিল সেনাবাহিনী। বিস্ফোরণের সময় ট্যাংকারে থাকা জ্বালানি স্থানীয়দের মধ্যে বিতরণ করা হচ্ছিল। তেল বিতরণের সময় অনেক ভিড় ছিল। মানুষদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে। একটি গুলি ট্যাংকারে বিদ্ধ হলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
লেবানন তীব্র জ্বালানি সংকটে ভুগছে। জ্বালানি তেলের জন্য দেশটির পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। অনেকে এই সুযোগে কালোবাজারে তেল বিক্রি করছে। শনিবারই পেট্রোল স্টেশনগুলোতে নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের সময় দুই শতাধিক মানুষ কাছে অবস্থান করছিল।
