১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের খুঁজে বের করা হবে :কাদের

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২২:২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের খুঁজে বের করতে আলাদা তদন্ত কমিশন গঠন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার ধানমন্ডি ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার হত্যায় মঞ্চের কুশীলবদের বিচার করে ফাঁসি কার্যকর করা হয়েছে। এর বাইরে যারা ষড়যন্ত্রকারী ছিল তদন্ত কমিশন করে তাদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।’ তিনি বলেন, নেপথ্যের কুশীলব যারা, তাদের তদন্তের আওতায় আনতে হবে। নতুন প্রজন্মকে কোনো কিছুতেই অন্ধকারে রাখা যাবে না। সেজন্য তাদের স্বরূপ উন্মোচন করা উচিত।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট ট্র্যাজেডি পৃথিবীর ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এর বিচার শুরু করেছেন। খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যারা পলাতক, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তাত্ক্ষণিক প্রতিরোধ কেন হলো না, আওয়ামী লীগ কেন পারল না, তার দায় আমরা অস্বীকার করতে পারি না। এর কারণ খুঁজে  দেখতে হবে।

এর আগে সকাল ৬টা ৫০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত প্রতিকৃতিতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম ও এস এম কামাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না

এদিকে, বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির শাসনামলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়নি, তারা পাহাড়িদের সংঘর্ষ উসকে দিয়েছিল। ১২ বছর আগের পার্বত্য চট্টগ্রাম আর আজকের পার্বত্য চট্টগ্রাম এক নয়, আজকে পাহাড়ি এলাকায় উন্নয়ন অর্জনে সমৃদ্ধ। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনো সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক, পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল হোক। গণটিকা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একদিকে বিএনপি অপপ্রচার চালায় আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করে। মানুষের আগ্রহে ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপচেষ্টা করছে। ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না, আগামী ছয় মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে রাঙ্গামাটি প্রান্তে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুসা মাতব্বর।