টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২২:৩১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে অনার গার্ড প্রদান করা হয়।

পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করা হয়। পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

এ সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও শাজাহান খান এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি ও অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন এমপি, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, আজিজুস সামাদ আজাদ ডন এবং সৈয়দ আবদুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।