পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত পাঁচ পলাতক খুনির মধ্যে কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত দুই জনকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক অন্যান্য খুনিকে খুঁজে বের করারও চেষ্টা চলছে। এক্ষেত্রে দেশে ও বিদেশে অবস্থানরত সব বাংলাদেশির সহযোগিতা কামনা করেছেন তিনি। গতকাল রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুষ্পস্তবক অর্পণকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মন্ত্রণালয় প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন।
