১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা কোনো সেনা বিদ্রোহ ছিল না মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি আর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে এদেশীয় কিছু খুনিকে ভাড়া করে হত্যাকাণ্ড চালিয়েছিল বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের ওপর। কাজেই জেনারেল জিয়া যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এটি দিবালোকের মতো সত্য।
গতকাল বিকেলে কৃষিবিদ কনভেনশন হলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোকসভা ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
পাকিস্তানি আইএসআইয়ের গোয়েন্দা জিয়াউর রহমান আর খুনি মোশতাকেরা সেদিন ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন এবং মহান মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক দায়িত্ব পালনের অবদানের কথা স্মরণ করেন আওয়ামী লীগের নেতা নানক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেআইবির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহীদুর রশীদ ভুঁইয়া। আরো উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুল হক চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনসহ অনেকে।
