সোনারগাঁওয়ে শোক দিবসের আলোচনা পন্ড

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০০:২৭

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মাঠে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্যান্ডেলে আবারও দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এতে আলোচনাসভা পন্ড হয়ে যায়। গতকাল রবিবার সকালে  জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের উদ্যোগে নির্মিত এ প্যান্ডেলে হামলা করা হয়। এসময় চেয়ার টেবিল ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। 

এর আগে শনিবার বিকালে একই স্থানে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে দায়ী করা হচ্ছে। পুনরায় হামলার ঘটনার পর সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্যান্ডেল ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুভাগে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করছে। দুপক্ষই উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও গণভোজের জন্য প্যান্ডেল তৈরি করে। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।