জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন লাল-সবুজের পতাকা, স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড ও বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুদীর্ঘ আন্দোলন, অনেক প্রাণ-রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্ব, অদম্য সাহস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা, ন্যায়ের আদর্শ ও দর্শনকে ধারণ করে এগিয়ে যাওয়াতেই স্বাধীনতার স্বার্থকতা।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। শিরীন শারমিন বলেন, শোষণ-বঞ্চনা-নির্যাতন থেকে মুক্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং নিপীড়িত বাংলার মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার জীবনের দর্শন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ও ড. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ ও অন্যরা বক্তব্য রাখেন।
