ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০০:২৮

দেশে চলমান করোনা পরিস্থিতিতে এবার কর্মহীন, অসহায়, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াল ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। সেনাবাহিনীর প্রধানের সহধর্মিণী এবং ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদের উদ্যোগে ক্লাবের সব সদস্যের পক্ষ থেকে গতকাল রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মধ্যে খাদ্যসহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার উদ্দেশ্যে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের আহ্বানে সাড়া দিয়ে ক্লাবের সব সদস্য নগদ অর্থ (প্রায় ২০ লক্ষ টাকা) ও খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে আসেন। এই উত্স থেকে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব কর্তৃক পর্যাক্রমে ১ হাজার ২০০ দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গতকাল ১০০ জনেরও অধিক নারী-পুরুষ ও শিশুকে এই সহায়তা প্রদান করেন। ত্রাণ বিতরণ শেষে বেগম নুরজাহান আহমেদ উপস্থিত গরিব-দুঃখী মানুষের খোঁজখবর নেন।

এ সময় লেডিস ক্লাব ঢাকা সেনানিবাসের সভানেত্রী, সহসভানেত্রী; সেনা পরিবার কল্যাণ সমিতি ঢাকা অঞ্চলের সভানেত্রী এবং চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা ও তার পরিবারের শাহাদত বরণকারী অন্য সদস্যদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সব লেডিস ক্লাব কর্তৃক অনেক আগে থেকেই নানাবিধ কার্যক্রমের পরিকল্পনা করা হয়। তদানুযায়ী ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব ছাড়াও দেশের সব সেনানিবাসের লেডিস ক্লাব কর্তৃক সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব-দুঃখীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সেই সঙ্গে, ১৫ই আগস্ট সব সেনানিবাসে জাতির পিতার জীবনীর ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনাসহ সেনানিবাসগুলোর মসজিদসমূহে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।—আইএসপিআর