স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের শিগিগরই দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। গতকাল রবিবার রাজধানীর ধোলাইপাড়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মরণসভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো চার জন খুনি বিভিন্ন জায়গায় রয়েছে। এক জন যুক্তরাষ্ট্রে (রাশেদ চৌধুরী), এক জন কানাডায় (নূর চৌধুরী)। সেখানে সরকারের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা মনে করি খুব শিগিগরই তাদের ফিরিয়ে আনতে পারব। আর যে দুজন (শরিফুল হক ডালিম ও কর্নেল রশীদ) আছেন, তাদেরও আমরা খুঁজছি।
যদিও বঙ্গবন্ধুর পাঁচ খুনি পলাতক রয়েছে। অন্য পলাতক খুনি মুসলেহউদ্দীন রিসালদারের বিষয়ে কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা মনে করেছিল বঙ্গবন্ধু শেষ হলেই বোধহয় সব শেষ হয়ে যাবে, আবার পাকিস্তান কায়েম করতে পারবে। তাদের স্বপ্ন ধূলিসাত্ হয়ে গিয়েছিল, যখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু ১৯ মিনিটের যে ভাষণটি দিয়েছিলেন, সেখানে যাওয়ার আগে বঙ্গমাতা তাকে বলে দিয়েছিলেন, ২৩ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তুমি যা হূদয়ে ধারণ করে চলেছ, যা তুমি অর্জন করতে চেয়েছ, তোমার হূদয় যা চাইবে, তুমি আজকে সেই কথাগুলোই ভাষণে বলবে। দেশের জনগণকে জানাবে। তিনি সেটাই করেছিলেন। আমরা কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বঙ্গবন্ধু এলেন। দু-এক জনের বক্তব্যের পরই তিনি বক্তৃতা শুরু করলেন। তাকে অনেকে অনেক কাগজ দিলেন। অনেকেই কানে কানে অনেক কথা বললেন। কারো কথা তিনি শুনলেন না। দেশের জন্য তার হূদয়ের কথাগুলো তিনি একের পর এক বলে গেলেন।
