দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। আমাদের দেশে স্থানীয় সরকার ব্যবস্থা পুরনো হলেও দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সামপ্রতিক। এর ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এই ব্যাপারে টেলিফোন ও ই-মেইলে প্রাপ্ত পাঠকের মতামত প্রকাশিত হলো আজ
দলীয় প্রতীকেই নির্বাচন হওয়া ভালো। অনেক লোক আছে অশিক্ষিত, তারা মার্কা দেখেই ভোট দেয়। এক্ষেত্রে তাদের জন্য খুবই ভালো হয় যদি দলীয় প্রতীকে নির্বাচন হয়। দলীয় প্রতীক ছাড়াও নির্বাচন হলে তেমন কিছু আসে যায় না। এক্ষেত্রে দেখা যায় আমার ইচ্ছে এক জায়গায় ভোট দেওয়া, অথচ হয়ে যায় উল্টো।
ডা. মো. জামিল রহমান
গোপালপুর, টাঙ্গাইল
আসন্ন স্থানীয় সরকার বা উপজেলা নির্বাচন নিয়ে চলছে আনন্দময় সময়। নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীরা এখন সক্রিয় হয়ে উঠেছে। তবে বিএনপি এখনও কোনো সাড়া দেয়নি। তবে আমরা প্রত্যাশা করছি সকল দল এ নির্বাচনে অংশগ্রহণ করবে ও দলীয় প্রতীকে নির্বাচন হবে।
আল মায়ামী
ফুলবাড়িয়া, সাভার,
ঢাকা
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে। এর মধ্যে তৃণমূলে নেতৃত্ব গড়ে উঠার একটি শক্ত বাধা তৈরি হয়। কারণ দলীয় প্রতীকে মনোনয়ন দিলে অনেক সময়ে একাধিক যোগ্য প্রার্থী থাকলে নেতৃবৃন্দের দলীয় প্রার্থী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এ কারণে দলের মধ্যে রেষারেষি এমনকি কোনো কোনো সময়ে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয়। এ কারণে বিশেষজ্ঞদের মতে, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করাই বাঞ্ছনীয়। এতে করে তৃণমূলে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং একই দল থেকে নির্বাচনে একাধিক প্রার্থীর সুযোগ পাবার দরুন তৃণমূলে সঠিক নেতৃত্ব গড়ে উঠবে।
মাখরাজ খান
সাটুরিয়া, মানিকগঞ্জ
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় বলা হলেও একপর্যায়ে এসে তা দলীয় রূপ নিত। এতে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতো। তাই দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়া সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে হয়। এখন যেসব স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হবেন, তাদের রাজনৈতিক পরিচয় থাকবে, যা নির্বাচনী এলাকার মানুষের জন্য বেশি পরিমাণে উন্নয়নমূলক কাজ করতে সহায়তা করবে। তবে অন্য সময়ের স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে এবারকার নির্বাচনের পার্থক্য অনেক। আবার নির্বাচিত হওয়ার পর দলীয়-অদলীয় সকল মানুষের প্রতি ন্যায়বিচার করা আবশ্যক।
অমিত বণিক
উত্তরা, ঢাকা
সাটুরিয়া, মানিকগঞ্জ
দলীয় প্রতীতে স্থানীয় সরকারের নির্বাচনের ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। তবে এক সময় দলীয় প্রতীকই প্রতিষ্ঠিত ও সহনীয় হয়ে উঠবে।
চয়ন
কুতুবখালি, যাত্রাবাড়ী, ঢাকা
উপজেলা নির্বাচন আসন্ন । এ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকা সরগরম। এ নির্বাচনে বিএনপির কোনো আগ্রহ না থাকলেও সরকারি দলের অর্থাত্ আওয়ামী লীগের তত্পরতা অনেক বেশি দৃশ্যমান। যদিও অনেকের নাম প্রস্তাব করা না হলেও হতাশ নন তারা। তারা এখনো আশা ছাড়েননি বলা যায়।
মো. খায়রুল ইসলাম (ফুল)
আরাপপুর, ঝিনাইদহ
আমাদের প্রত্যাশা, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবেই অনুষ্ঠানিত হবে।
মো. মেজবাহউদ্দিন সেলিম
পূর্ব শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, ঢাকা
বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে বাস্তবিক ততটা নয়। কারণ কোন ক্ষমতাসীন দলই চাইবে না বিরোধী দল নির্বাচিত হোক। আর বিরোধী দলও চেষ্টা করবে নির্বাচনে জয়ী হওয়ার। প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে আসন্ন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়াটা জাতীয় সংসদ নির্বাচনের মতই একটা বড় চ্যালেঞ্জ।
সুদীপ্ত বালা ( অনন )
বি.এসসি (ইইই), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
দলীয় প্রতীকে স্থানীয় সরকার (উপজেলা) নির্বাচনের ইতিবাচক দিক হলো—কোনো ব্যক্তি দলীয় প্রতীকে নির্বাচন করলে ঐ দলের সমর্থকদের সংখ্যা বেশি হলে তাদের মনোনয়ন দ্বারা ঐ ব্যক্তি সহজে নির্বাচিত হবে। কিন্তু ঐ ব্যক্তি ভালো কী মন্দ অথবা ঐ ব্যক্তি দ্বারা ঐ এলাকার উন্নতি; না অবনতি হবে সে বিষয়টি দলীয় সমর্থকদের নিকট বিবেচ্য বিষয় নাও হতে পারে। তা ছাড়া দলীয় সংসদ সদস্যের সমর্থন থাকায় তার পক্ষে নির্বাচিত হওয়া সহজ হয়। আর দলীয় প্রতীক দ্বারা নির্বাচন না হলে জনগণের সমর্থিত ব্যক্তি নির্ধারিত হবে। ফলে জনগণ তার নিকট থেকে সব সময় তাদের চাহিদা মোতাবেক এলাকার উন্নয়নের প্রয়োজনীয় দাবিগুলো সহজে আদায় করে নিতে পারবে।
মুহাম্মদ আবুল কালাম আজাদ
সর্দারপাড়া, মুন্সীগঞ্জ
আগামী মার্চ মাসে স্থানীয় সরকার (উপজেলা) নির্বাচনের খবরে সারা দেশে প্রার্থীদের তত্পরতা শুরু হয়েছে। মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। দলীয় প্রতীকে স্থানীয় সরকার বা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলে সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা এই নির্বাচনে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এস.কে.এম রমিজউদ্দিন
অ্যাডভোকেট, পুরানা পল্টন, ঢাকা
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন। এই নির্বাচনে কোনোভাবেই বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিবেশ চাই না।
মো. হানিফ মিয়া
মনেশ্বর লেন, হাজারীবাগ,
ঢাকা
আমরা মনে করি, দলীয় প্রতীকে নির্বাচন না হওয়া ইতিবাচক, যেহেতু এই নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। কাজেই এতে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বাড়তে পারে।
সুলতানা জামান
মানিকনগর, ঢাকা
স্থানীয় দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠান হলে শৃঙ্খলা থাকে না, স্বতন্ত্র প্রতীকে নির্বাচন কাম্য আমাদের।
হোসনে আরা করিম নীলা
হাজারীবাগ, ঢাকা
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয় না। তারা নিজেদের পছন্দের প্রার্থী হতে বঞ্চিত হয়।
খন্দকার কমরুজ্জামান
৩৬৩/১০, উত্তর পীরেরবাগ,
মিরপুর, ঢাকা
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়া বাঞ্ছনীয় নয়। কারণ, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ইতিহাস রয়েছে। তাই দলীয় প্রতীকে হলে এই সহিংসতা আরও বেড়ে যেতে পারে।
মো. আসির জোবায়ের খান মজলিস
সড়ক-৪, ৩৫/১, ধানমন্ডি, ঢাকা।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে মানুষের মনে একটা আনন্দ বেড়ে যায়। প্রার্থীর প্রতীক কী হবে এনিয়ে অনেক ভোটারের জানার ইচ্ছে থাকে। তাই দলীয় প্রতীকে নির্বাচন হলে তাদের সে চিন্তা করতে হয় না। তারা অবলীলায় ভোট দিতে পারেন। তাই দলীয় প্রতীকে নির্বাচন হওয়াই বাঞ্ছনীয়।
হিমেল আহমেদ
ভৈরব বাজার, কিশোরগঞ্জ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সারাদেশ সরব। দলীয় প্রতীকে নির্বাচন হলে তাদের ভাবনা কম থাকে। ভোট দিতে সুবিধা হয়।
সালমা আফরোজ
ফার্মগেট, ঢাকা।
আমাদের দেশে যেখানে সকল শ্রেণির পেশাজীবীদের সাংগঠনিক পরিচয় আওয়ামী লীগের “লীগ” এবং বিএনপির “দল” শব্দ দিয়ে বিভাজিত হয়ে আছে, সেখানে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের ইতিবাচক ও নেতিবাচক যেকোনো দিকই থাকুক না কেন, নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট বড় দুটি দলের প্রতীক ও ব্যক্তি পরিচিতির ভিত্তিতেই আমরা ভোট প্রদান করি এবং আমাদের প্রতিনিধি নির্বাচন করে থাকি। যেখানে প্রার্থীদের দলীয় পরিচয় প্রকাশ্যে জনসমক্ষে প্রকাশ পায় সেখানে দলীয় প্রতীক আমাদের নির্বাচনের জন্য কোনো বিষয়ই না।
মোহাম্মদ শহীদউল্যা
হক ভিলা, মেরাদিয়া,
ঢাকা
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিপক্ষে আমি। আগে আমরা দেখেছি সত্, যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিগণ নির্বাচন করে বারবার বিজয়ী হয়েছেন। দলমত নির্বিশেষে সকলেই বা এলাকার স্বার্থে এলাকার যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছেন। কিন্তু এখন দলীয় প্রতীক হওয়ার কারণে অসত্- অদক্ষ, লোভী , নীতিহীন যে কেউ যদি দলের মনোনয়ন পায় তবে তাকেই দলের লোকের ভোট দিতে হবে। যারা যেসব দল সমর্থন করেন তারা ঐ সব দলের প্রার্থীদের ভোট দেন। কিন্তু যারা কোনো দলকে পছন্দ করেন না বা ভাসমান ভোটের লোকেরা যদি প্রার্থীকে পছন্দ না করেন তবে কাকে ভোট দিবেন?
কামাল হোসেন
জগন্ননাথদী, ব্যাসদী গাজনা
মধুখালী, ফরিদপুর
পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠতেই পারে। ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানানোই উচিত। কিন্তু তড়িঘড়ি নির্বাচন দলীয়ভাবে করতে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ও ব্যবস্থা থেকে আমাদের অনেকটা বিচ্যুতি ঘটছে। আরও সময় নিয়ে সব সমস্যার সমাধানে একটা প্যাকেজ তৈরি করা যেত স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে।
মেনহাজুল ইসলাম তারেক
মুন্সিপাড়া, পার্বতীপুর, দিনাজপুর
রাজনৈতিক দলে ভালো লোক আছেন। কিন্তু বিবেচনার বিষয় হলো, স্থানীয় পর্যায়ে অনেক গ্রহণযোগ্য, সত্ ও ভালো লোক সরাসরি কোনো দলের সঙ্গে যুক্ত থাকেন না। নতুন ব্যবস্থায় তাদের প্রার্থী হওয়া বা জেতার সুযোগ অনেক কমে গেছে। অনেকে রাজনৈতিক চাপে পড়ে হয়তো দাঁড়াতেও ভয় পান এখন।
মোছা. বিলকিছ আক্তার
সরকারি ম্যাটস, টাঙ্গাইল
দলীয় প্রতীকে যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শতাধিক প্রার্থী নির্বাচনে জয় লাভ করবে আর এর ফলে দেখা যাবে যে বিপক্ষ দলের এমন অনেক প্রার্থী আছে যারা যোগ্য হওয়া সত্ত্বেও নির্বাচনে জয়লাভ করতে পারবে না। অন্যদিকে, এবারের নির্বাচনে ছোট ছোট দলগুলোর অংশগ্রহণ আশাব্যঞ্জক নয়। তাই গ্রামীণ সমাজে বিভাজন রোধ এবং শত শত বছরের সমপ্রীতি বজায় রাখতে স্থানীয় সরকার পর্যায়ে নির্দলীয়ভাবে নির্বাচনে ফিরে যাওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনার দাবি রাখে।
সাবরিনা সুলতানা মিশু
ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স, ঢাকা
জনপ্রসাশনের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করে স্থানীয় সরকার। দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্তটি ইতিবাচক। তবে এর সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে।
সাদিয়া সুলতানা মাহি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল
অ্যান্ড কলেজ, সাভার,
ঢাকা
দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠান অনেকেই পছন্দ করেন না। আমরা মনে করি, নির্বাচন অর্থ জনগণ তার প্রিয় ব্যক্তিকে নির্বাচন করবেন। সেক্ষেত্রে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠান হলে তা অত্যন্ত সুন্দর ও তাত্পর্যপূর্ণ হবে।
সুগন্ধী আক্তার
যাত্রাবাড়ী, ঢাকা
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন মোটেই ঠিক নয়। এতে দেশে আরো অরাজকতা ও সহিংসতা বেড়ে একটি অস্থিতিকর পরিবেশ সৃষ্টি হবে।
জাহাঙ্গীর হোসাইন
পীরের বাগ, মিরপুর, ঢাকা
