খালেদ হোসাইন
একটা পরী ডানাকাটা
জানো কি তার ঠিকানাটা?
যদিও অনেক সুন্দরই সে
জর্জরিত বিষে বিষে।
আগে ছিল পথে পথে
প্রজাপতি যেমন মথে।
দেখল তাকে ধনাঢ্যরা
তাদের তো কাজ শিকার করা।
বানায় তাদের জন্য
ভোগবিলাসের পণ্য।
সবাই মিলে করল তার এ
জীবনটা জঘন্য।
আর সে পরী সঙ্গদোষে
সত্যি হলো পতঙ্গ সে।
কিন্তু যারা বানাল তা
কেউ বলে না তাদের কথা।
সবাই ভাসে রঙ্গরসে
পরী না তো, পতঙ্গ সে!
অগ্নিতেই পুড়বে গা-টা
কেউ জানো তার ঠিকানাটা?
পরীর কোনো ঠিকানা নাই?
‘না, আমাদের তা জানা নাই।
করে না-করে বিবাহ
পরীর নিত্য সতীদাহ।
হোক তা বাইরে, হোক তা ঘরে
এই নিয়তি বরণ করে।
