স্বকণ্ঠের গান দিয়েই নিজস্ব ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২০:৩৯

 বিনোদন রিপোর্ট

 

বাবা কিংবদন্তি অমলেন্দু বিশ্বাসের কাছে গান তার হাতেখড়ি ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানটি শেখার মধ্যদিয়ে। তবে ক্যারিয়ারে অরুনা বিশ্বাস অভিনয়ে ব্যস্ত হয়ে পড়লে গানটা আর গাওয়া হয়ে ওঠেনি। অরুনার গান শেখা হয়েছে মৃন্ময় দাস গুপ্তের কাছে। যে কারণে গানের প্রতি তার ভীষণ ভালোলাগা ছিলো সবসময়ই। জীবন চলার পথে এক সময় নায়িকা হয়ে যান অরুনা বিশ্বাস। কিন্তু নানান সময়ে এমন কী এখনো ঘরোয়া অনুষ্ঠানগুলোতে মনের আনন্দেই গান গেয়ে থাকেন তিনি। কিছুদিন আগে অরুনা বিশ্বাস নিজের নামে একটি ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেন। সেই ইউটিউব চ্যানেলের জন্য এবার নিজেই উদ্যোগী হয়ে একটি রবীন্দ্র সঙ্গীত গাইলেন। তবে এই গান গাওয়ার ক্ষেত্রে কিছু কিছু বিষয় তিনি মাথায় রেখেছেন। ১. জীবনের প্রথম প্রকাশের উদ্দেশ্যে গান গাওয়ার দিনটি তিনি নির্বাচিত করেছেন শোক দিবসকে। ২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বাবা অমলেন্দু বিশ্বাসকে মাথায় রেখে গান নির্বাচন করেছেন। যে কারণে অরুনা বিশ্বাস জীবনে প্রথম যে গানটি রেকর্ড করলেন তা হলো ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’। অরুনা বিশ্বাস বলেন, ‘আমাদের জাতির পরশমনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতিকে যে পরশ বুলিয়ে দিয়েছিলেন সেই পরশেই বাঙালি জাতি আজো তার স্বপ্ন পূরণে এগিয়ে চলেছে। বাবার স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনুরূপভাবে আমার বাবা অমলেন্দু বিশ্বাস তার সংসারে তার সন্তানদের কাছে পরশমনি ছিলেন। তিনিও সেই পরশ বুলিয়ে গেছেন বিধায় আমরা বেশ সুন্দরভাবে বেঁচে আছি। বাবার আদর্শেই নিজেকে গড়ে তুলছি। অরুনা বিশ্বাস জানান অমিত চ্যাটার্জির সঙ্গীতায়োজনে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি শিগগিরই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।