বিনোদন ডেস্ক
সমপ্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার রসায়ন দারুণ প্রশংসিত হয়েছে ভক্তদের কাছে! তবে কিয়ারা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন কি-না এ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন! সমপ্রতি গণমাধ্যমের এমন প্রশ্নে কিয়ারা জানান, চরিত্রের মূল্যায়ন, সংস্কৃতি ও আবেগের সঙ্গে সুবিচার করতে পেরেছেন তিনি। এ প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘যদিও আমি বরাবরই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি। তারপরও ইতিহাস নির্ভর গল্পে অভিনয় করা সত্যি অনেক কঠিন বলে মনে হয়। তবু চেষ্টা করেছি দেশের সংস্কৃতি ও আবেগের কথা মাথায় রেখে চরিত্রটি ফুটিয়ে তুলতে! আমার মনে হয় চরিত্রটির সঙ্গে সুবিচার করতে পেরেছি।’ এছাড়া নিজের আসল নাম আলিয়া হলেও সবাই তাকে কিয়ারা নামেই চেনেন। এদিকে সিদ্ধার্থর প্রাক্তন প্রেমিকার নামও ছিল আলিয়া ভাট। নিজেদের সম্পর্ক নিরাপদ রাখতে, নাকি ক্যারিয়ারের প্রয়োজনে নাম পরিবর্তন করেছেন-এমন প্রশ্নে কিয়ারা আরো বলেন, ‘আমি নিজের পরিচয়ে পরিচিত হতে চেয়েছি। আলিয়ার সঙ্গে আমাকে যেন কেউ গুলিয়ে না ফেলেন, তাই এই পরিবর্তন। আর সিদ্ধার্থর সঙ্গে বরাবরই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এটাকে ভিন্ন রূপ না দেওয়াই সবার জন্য ভালো হবে। ’
