বেনাপোল (যশোর) সংবাদদাতা
বিএসএফ দ্বারা ভারতীয় চালকদের হয়রানির প্রতিবাদে সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রেখেছে দেশটির ট্রান্সপোর্ট সমিতি। পণ্য আমদানি বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশ থেকে রপ্তানি বাণিজ্য সচল আছে। বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার জানান, ওপারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতীয় চালকরা যখন পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরের দিকে আসে তখন ভারতের জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা ট্রাক দাঁড় করিয়ে চেকিংয়ের নামে হয়রানি করে থাকে। বিএসএফ কর্তৃক এ ধরনের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত তারা বেনাপোল বন্দর দিয়ে পণ্য রপ্তানি করবেন না বলে জানিয়েছেন। ভারতীয় পণ্য আমদানি বন্ধ থাকলেও বাংলাদেশি পণ্য রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। বেনাপোল কাস্টমসের কার্গো অফিসার স্বপন কুমার জানান, বেনাপোল বন্দর দিয়ে সোমবার সকাল থেকে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে রপ্তানি বাণিজ্য সচল আছে। আমাদের কোনো সমস্যা নেই। ভারতে সমস্যা সমাধান হলে আমদানি বাণিজ্য সচল হবে।
