নেত্রকোনায় অটোরিকশার লাইসেন্স নবায়নের সময় বাড়ানোর দাবি

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:১৫

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌরসভা এলাকায় চলাচলরত অটোরিকশার লাইসেন্স নবায়নের ফির টাকা কমানো এবং নবায়নের সময় বাড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের পৌরসভার মোড়ে নেত্রকোনা ব্যাটারিচালিত অটো ও মিশুক মালিক সমবায় সমিতির উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আ. কদ্দুছসহ অন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, করোনাকালীন যানবাহন বন্ধ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হন এবং এ কারণে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্সের টাকা কমিয়ে নবায়নের সময় বাড়ানোর জোর দাবি জানান। দাবি না মানলে তারা আরো কঠোর আন্দোলনের হুমকি দেন। এদিকে তাদের এই দাবির সমর্থনে সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরে অটো চলাচল বন্ধ রাখা হয়।