গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:১৬

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ছাত্রলীগ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ। বক্তারা বলেন, রকি হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো মূল আসামি কাঞ্চনসহ অন্যদের গ্রেফতার করতে পারেনি। বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, আশিকুর রহমান রকি গত ১২ জুলাই রাতে গাইবান্ধা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন রাস্তার মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।