ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রিকশাযাত্রীর মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. শাহবুদ্দিন (৪৫) নামের এক রিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহত হয়েছে আরো একজন। নিহত শাহবুদ্দিন নাসিরনগরের মুলু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঐ লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার দুই যাত্রী আহত হন। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। সদর থানার এসআই মো. মেহেদী হাসান ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন খিন নোমান জানান, যাত্রা বিরতিহীন সোনার বাংলা ট্রেনের ধাক্কায় রিকশা যাত্রীর মৃত্যু হয়।