শহিদ মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের কবরের সন্ধান চাই

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:২৬

যশোর জেলার সদর উপজেলাধীন নুরপুর গ্রামের রুস্তম মোল্লা ও মোসাম্মত্ ফেলি বিবির সন্তান আমজাদ হোসেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন।  ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে শহিদ হন। তবে আজো কেউ জানেন না তাঁকে কোথায় সমাধিস্থ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তথ্যানুযায়ী  শহিদ মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল (নম্বর ৩৯৩৩৭১০) আমজাদ হোসেন ই বেঙ্গলে কর্মরত ছিলেন।  তিনি ৮ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন (বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার (এসবিএও)—২৬/২০০৩, ক্রমিক ১২৫। বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, খণ্ড নং-৪ তারিখ ২৫ অক্টোবর ২০০৩, ক্রমিক ১৩১৫০ এবং বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা (সশস্ত্র বাহিনীর শহিদ মুক্তিযোদ্ধাদের তালিকা), তারিখ ১২ এপ্রিল ২০০৪, ক্রমিক ৩৮৬)। আমজাদ হোসেনের জন্ম ১৯৪৪ সালের ২ জুলাই এবং ১৯৬৩ সালে ১৯ মার্চ  সেনাবাহিনীতে যোগ দেন। একটি সূত্র থেকে জানা গেছে, তিনি  ১৯৭১ সালের  ৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধে শহিদ হন। তাঁর সমাধিস্থল কোথায় কারো তা জানা থাকলে তার খোঁজ দিতে বিনীত আবেদন জানাচ্ছি।

বি এম ইউসুফ আলী

প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ,  সবুজবাগ, ঢাকা ১২১৪