ন্যু ক্যাম্পে মেসির জন্য হাহাকার

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:২৮

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি খেলবেন না জেনেও প্যারিসের পার্ক দ্য প্রিন্সে জড়ো হয়েছিলেন ৪৮ হাজারের মতো দর্শক। নিজেদের মাঠে প্রথমবারের মতো বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে পরিচয় হওয়াটাই তো অনেকের কাছে বিশেষ কিছু। সেটা হয়েছিল জাঁকজমকপূর্ণভাবেই।

ঠিক উলটো চিত্র দেখা গেছে মেসির সাবেক ক্লাব বার্সেলোনার মাঠ ন্যু ক্যামেপ। কাতালানভক্তরা যেন এখনো তার চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে পারেনি। তাই লা লিগায় বার্সার প্রথম ম্যাচে ১ লাখ আসনের ন্যু ক্যামেপ উপস্থিত ছিলেন ২০ হাজারের কিছু বেশি সংখ্যক সমর্থক। করোনার কারণে ১৭ মাস পর এবারই প্রথম দর্শক ফিরল ন্যু ক্যাম্পে। 

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিতে না থেকেও যেন ছিলেন মেসি। তার জন্য হাহাকার করতে থাকে বার্সা ভক্তরা। খেলার ১০ মিনিটের সময় ‘মেসি, মেসি’ ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো ন্যু ক্যামপ।

মেসি নেই তবুও তাদের হতাশ করেনি রোনাল্ড কুম্যান শিষ্যরা। সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয় নিয়েই মেসিহীন লা লিগা যুগের শুরু করেছে ক্লাবটি। জোড়া গোল করেছেন মার্টিন ব্রাথওয়েট, বাকি গোল দুটি এসেছে জেরার্ড পিকে ও সের্হি রবার্তোর পা থেকে।

জয়ের পর বার্সা ডিফেন্ডার পিকে বলেন, ‘এই ম্যাচের মধ্য দিয়ে মেসিহীন যুগের শুরু হলো। ম্যাচ থেকে অনেক ইতিবাচক কিছু নিয়ে যাব আমরা। কোনোকিছুই আর আগের মতো হবে না, তবে মানুষকে রোমাঞ্চকর ফুটবল উপহারের মাধ্যেম মৌসুমের শেষ পর্যন্ত লড়াই করার মতো দল আছে আমাদের।  আজ (গত পরশু) তার প্রথম পদক্ষেপ। ধীরে ধীরে মানুষ এই দলকে সমর্থন দিবে।’

বার্সার শুরুটা দুর্দান্ত হলেও দিনটা ভালো কাটেনি ক্লাবটির সাবেক কোচ পেপ গার্দিওলার। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে টটেনহাম হটস্পারের কাছে ১-০ গোলে হেরেছে তার দল ম্যানচেস্টার সিটি। কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত এক কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন স্পার্সের কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিন। তারপর আর খেলায় ফিরতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন। এই ম্যাচ না খেলায় স্পার্স সুপারস্টার হ্যারি কেইনের ম্যানসিটিতে যাওয়ার গুঞ্জন যেন আরো বেড়ে গেল।