ক্যারিবীয়দের নাটকীয় জয়

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:৪৪

স্পোর্টস ডেস্ক

শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে যখন জশুয়া দ্য সিলভা আউট হন, জয় থেকে তখনো ২৬ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ রান বাকি থাকতে চলে যান নবম ব্যাটসম্যান জোমেল ওয়ারিক্যান। ম্যাচ তখন টানটান উত্তেজনায়। আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়েননি কেমার রোচ। তাই বলে মনোবল হারাননি তিনি। জেডন সিলসকে সঙ্গে নিয়ে দলকে এনে দিয়েছেন ১ উইকেটের নাটকীয় এক জয়।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে চতুর্থ দিনে ক্যারিবীয়দের লক্ষ্য ছিল মাত্র ১৬৮ রান। শাহিন শাহ আফ্রিদির তোপে সেই ‘মাত্র’ই যেন বিশাল লাগতে শুরু করল স্বাগতিকদের কাছে। ১৬ রানের ভেতরই আফ্রিদির কাছে ৩ উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন রোস্টন চেজ ও জার্মেইন ব্লাকউড। চেজকে শিকার করে ৬৮ রানের এই জুটি ভাঙেন ফাহিম আশরাফ। পরের ওভারে চট্টগ্রামে রূপকথা লেখা কাইল মেয়ার্সকে শূন্য রানে ফেরালে আবারও ম্যাচে ফেরে পাকিস্তান।

ফিফটি তুলে নেওয়ার পর ব্লাকউডও বেশিক্ষণ টিকেননি। ৫৫ রানে তাকে তুলে নেন হাসান আলী। পরে জেসন হোল্ডারকে সাজঘরে পাঠিয়ে যখন জয়ের ক্ষণ গুনছিল পাকিস্তান তখনই ফিরে আসে তার চিরচেনা ‘আনপ্রেডিক্টেবল’ রূপে। বলে ব্যাট ছুঁইয়েই রান পাচ্ছিল ক্যারিবীয়রা। আর সেই বলগুলোই বেরিয়ে যাচ্ছিল পাকিস্তানি ফিল্ডারদের ফাঁক গলে। হাসান আলী তো রোচের সহজ এক ক্যাচ লুফে নিতে পারেননি।

জীবন পাওয়া সেই রোচই ৫২ বলে ২ চারে হার না মানা ৩০ রানে দলকে নিয়ে যান জয়ের কিনারায়। অপর প্রান্তে ২ রানে অপরাজিত ছিলেন সিলস। জয়ের পর তার উচ্ছ্বাস বলে দিচ্ছিল দিনটি কখনোই ভুলতে পারবে না এই পেসার। ভুলার মতোও নয়। তার তাণ্ডবে ৫ উইকেটে ১৬০ রানে দিন শুরু করা পাকিস্তান যোগ করে ৪৩ রানই। আলফ্রেড ভ্যালেন্টাইনের ৭১ বছরের রেকর্ড ভেঙে সিলস হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ইনিংসে ৫ উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বোলার (১৯ বছর ৩৩৬ দিন)। প্রথম ইনিংসে তিন উইকেটসহ মোট আট উইকেট নেওয়ায় ম্যাচ সেরার পুরস্কারটাও উঠে তার হাতে। 

 

 

ওয়েস্ট ইন্ডিজের এক উইকেটে জয়

প্রতিপক্ষ      ভেন্যু                          সাল

অস্ট্রেলিয়া     ব্রিজটাউন, বার্বাডোজ     ১৯৯৯

পাকিস্তান     সেন্ট জনস, অ্যান্টিগা     ২০০০

পাকিস্তান     কিংস্টন, জ্যামাইকা         ২০২১

 

 

 

 

 

 

n সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান :২১৭ ও ২০৩ (বাবর ৫৫, ফাহিম ২০, হাসান ২৮; রোচ ৩০-৩, সিলস ৫৫-৫, মেয়ার্স ৩৩-১, হোল্ডার ৩৬-১)।

ওয়েস্ট ইন্ডিজ : ২৫৩ ও (লক্ষ্য ১৬৮) ১৬৮/৯ (চেইস ২২, ব্ল্যাকউড ৫৫, হোল্ডার ১৬, জশুয়া ১৩, রোচ ৩০*, সিলস ২*; আফ্রিদি ৫০-৪, হাসান ৩৭-৩, ফাহিম ২৯-২)।

ফল :ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী। ম্যাচ সেরা :জেডেন সিলস।