স্পোর্টস রিপোর্টার
গতকাল কমলাপুর স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে। এই জয়ে বারিধারা নিশ্চিত রেলিগেশন থেকে বেঁচে গেছে। পুরোপুরি বিপদমুক্ত। ২১ খেলায় ১৯ পয়েন্ট পেয়ে ৯ নম্বরে উঠে গেছে। হাতে আছে তিন ম্যাচ। হেরে গেলেও কোনো সমস্যা নেই। সমস্যায় পড়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচে হেরে রেলিগেশন হয়ে গেছে। অবনমন ঠেকাতে পারেনি। ২১ খেলায় আরামবাগের পয়েন্ট মাত্র ৫। এক জয় আছে শেখ জামালের বিপক্ষে। ড্র আছে দুটি, হেরেছে ১৮ ম্যাচ। হাতে আছে তিন ম্যাচ। জিতলেও কোনো লাভ নেই। ম্যাচ হেরে আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর ফোন বন্ধ হয়ে যায়। লিগ থেকে দুই দলের অবনমন হবে। সিরিয়ালে আছে আরেক ক্লাব ব্রাদার্স ইউনিয়ন।
গতকাল কমলাপুর স্টেডিয়ামে খেলার ৩৬ মিনিটে বারিধারার রাশেদুল ইসলাম শুভ গোল করেন। সেই গোল শোধ দিতে পারেনি আরামবাগ। বাঁচাতে পারেনি নিজেদের। ২০০৭ সালেও একবার অবনমন হয়েছিল। আবার উঠে এলেও ঐতিহ্য ধরে রাখতে পারছে না। অথচ এই ক্লাব ঢাকার ফুটবলে আলোচিত একটি দল। ১৯৮১ সালে নেপালের আনফা কাপ ফুটবলে রানার্সআপ হয়েছিল। চীনের ক্লাব দলের কাছে ৫-১ গোলে হেরেছে। মিরপুর স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল আরামবাগ। অনেক ফুটবলার উঠে এসেছিল এই ক্লাবের জার্সি গায়ে। নতুন খেলোয়াড়ও বেরিয়েছিল। একটা সময় এই ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন মোমিনুল হক সাঈদ। ক্যাসিনোকাণ্ডে সাঈদ দূরে সরে গেলে আরামবাগ অর্থনৈতিক শক্তি হারিয়ে ফেলে।
মোশারফ বাদল প্রথম
পরীক্ষায় পাশ করেছেন
শেখ জামাল ধানমন্ডি ক্লাব কোচ শফিকুল ইসলাম মানিককে বাদ দিয়ে সাবেক গোলকিপার মোশারফ হোসেন বাদলকে দায়িত্ব দিয়েছিল। লিগের বাকি যে কয়টি ম্যাচ আছে বাদল কোচের দায়িত্ব পালন করবেন। দুশ্চিন্তা থাকলেও বাদল উতরে গেছেন। তার অনুশীলনে গতকাল শেখ জামাল ২-১ গোলে পুলিশকে হারিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধেই তিন গোল হয়েছে। পুলিশের আক্রমণ ভাগে খেলা জাুতীয় দলের স্ট্রাইকার জুয়েলের বাড়িয়ে দেওয়া বলে কিরগিজ ফুটবলার আখিমভ গোল করেন ১-০। ৫ মিনিট পরই পুলিশের নিজেদের ভুলে গোল হজম করে। আত্মঘাতী গোলের সুযোগে খেলায় ফিরে আসে শেখ জামাল ১-১। ৩৮ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড সুলায়মান সিলাহর গোলে এগিয়ে যায় শেখ জামাল। পুলিশ আর ম্যাচে ফিলতে পারেনি। শেখ জামাল ২১ খেলায় ১৩ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অষ্টম স্থানে আছে পুলিশ। ২১ খেলায় ৫ জয়ে ২২ পয়েন্ট।
আজকের খেলা :
রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী। ৪টা, আর্মি স্টেডিয়াম। আবাহনী ও শেখ রাসেল এবং মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স। ৩টা ও ৫টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
