পরিবারের চিন্তায় ঘুমাতে পারছেন না রশিদ

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:৪৪

আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। বর্তমান এই পরিস্থিতিতে দেশ ছাড়ার চেষ্টায় আছেন অনেকেই। সেই তালিকায় আছেন আফগান ক্রিকেটার রশিদ খানের পরিবারও। ইংল্যান্ডে বসে পরিবারের নিরাপত্তার চিন্তায় ঠিকমতো ঘুমাতে পারছেন না এই লেগ স্পিনার। গতকাল ইনস্ট্রাগ্রামে স্টোরিতে এ কথা জানান তিনি। দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন রশিদ। আফগান এই লেগ স্পিনারের অবস্থা সম্পর্কে ইংলিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে বিস্তারিত বলেছেন কেভিন পিটারসেন। সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘তার দেশে অনেক কিছু ঘটছে। এ ব্যাপারে বাউন্ডারি লাইনে তার সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেছি এবং সে চিন্তিত। সে তার পরিবারকে আফগানিস্তানের বাইরে আনতে পারছে না।’মানসিকভাবে এরকম দুরবস্থায় থাকার পরও পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়তে দেননি রশিদ। দুর্দান্ত বোলিংয়ে ট্রেন্ট রকেটসকে জিতিয়ে হান্ড্রেডের নকআউট পর্বে নিয়ে গেছেন তিনি। তার মানসিকতার প্রশংসা করে পিটারসেন বলেন, ‘সে যে পরিস্থিতিতে আছে সেখান থেকে চাপের মুহূর্ত এমন পারফরম্যান্স দেওয়া, সবকিছু ভুলে নিজের গল্পকে অন্যদিকে নেওয়া এবং মোমেন্টাম ধরে রাখা—আমি মনে করি এটি এখন পর্যন্ত হান্ড্রেডের অন্যতম হূদয়গ্রাহী গল্প।’এর আগে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে টুইটারে বিশ্বনেতাদের প্রতি আকুতি করে রশিদ বলেছিলেন, তারা দেশটিকে নৈরাজ্যের মধ্যে ফেলে রেখে চলে না যায়।

এদিকে বর্তমান পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তানের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন, আফগান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার হিকমাত হাসান। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও তাদের কোনো অসুবিধা নেই। হিকমাত বলেন, ‘হ্যাঁ আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব। প্রস্তুতি চলছে এবং খেলোয়াড়রা কিছুদিনের মধ্যেই অনুশীলনের জন্য কাবুলে পৌঁছাবে।’