ছুটিতেও ক্রিকেটারদের প্রতি বিসিবির নির্দেশনা

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:৪৪

নিউজিল্যান্ড সিরিজ

n ম্যাচ শুরু বিকাল ৪টায়

 স্পোর্টস রিপোর্টার

করোনাকালে প্রতিটি সিরিজই হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের অধীনে। সুরক্ষা বলয়ে প্রবেশের আগে ক্রিকেটারদের অন্তত দুই বার করোনা পরীক্ষা দিতে হচ্ছে। নেগেটিভ রিপোর্ট পেলেই সিরিজ খেলার অনুমতি মিলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষে ছুটিতে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছুটিতেও বিসিবির কিছু নির্দেশনা মেনে চলতে হচ্ছে সবাইকে। কারণ সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ।

করোনার এই সময়ে ছুটিতে পরিবারের সঙ্গে থাকা, জনসমাগম হয় এমন স্থানে যেতে নিষেধ করা হয়েছে ক্রিকেটারদের। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পাঁচটি ম্যাচই বিকাল ৪টায় শুরু হবে। গতকাল এমন তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

ছুটিতে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বিসিবির নির্দেশনা জানাতে গিয়ে বিসিবির এ কর্মকর্তা বলেছেন, ‘ইতোমধ্যে তাদের বলে দেওয়া হয়েছে কী কী বিষয় মেনে চলবেন এবং তাদের চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পরিবারের মধ্যেই থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং জনসমাগমে যাওয়ার ব্যাপারে নিরুত্সাহিত করা হয়েছে।’

বাংলাদেশ, নিউজিল্যান্ডের সময়ের পার্থক্য এবং দুই দেশের দর্শকের কথা বিবেচনা করে ম্যাচ শুরু করা হবে বিকাল ৪টায়। গতকাল বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘নিউজিল্যান্ডের সঙ্গে যেহেতু আমাদের সময়ের বেশ পার্থক্য রয়েছে, তাদের দর্শকদেরও একটা ব্যাপার আছে। সবকিছু বিবেচনা করে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। ৪টার দিকে খেলা শুরু করার পরিকল্পনা আমাদের রয়েছে।’