ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা শেখ মুজিব স্মরণে বাংলা একাডেমি আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠানমালার গতকাল ছিল কবিতা পাঠ, আলোচনা। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে এতে আলোচনার অংশ হিসেবে গতকালের বিষয় ছিল ‘বঙ্গবন্ধুর সতীর্থ-সুহূদ খোন্দকার মোহাম্মদ ইলিয়াস’। প্রবন্ধটি উপস্থাপন করেন অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী এবং ‘শোক ও শক্তির মাস আগস্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের ডিজিটাল প্রদর্শনী এবং বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের ডিজিটাল প্রদর্শনী করা হয়। ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি কাজী রোজী এবং ‘বত্রিশের রক্তমাখা সিঁড়ি’ শীর্ষক স্বরচিত কবিতা পাঠ করেন কবি শিহাব শাহরিয়ার। কবি রবিউল হুসাইনের ‘যেহেতু তিনি খুব বড়ো ধরনের মানুষও ছিলেন’ কবিতার আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী রেহানা পারভীন এবং কবি ফজলুল হক সরকারের ‘সেই নদী থেকে জল নেবো’ কবিতার আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী জসীমউদ্দিন বকুল এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
