প্রেস কাউন্সিলের নীরবতায় নারীপক্ষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:৫৭

নারীর পোশাক-পরিচ্ছদ নিয়ে অবমাননাকর উপস্থাপন

ইত্তেফাক রিপোর্ট

প্রচারমাধ্যমের খবরে নারীর ব্যক্তিগত জীবন ও পোশাক-পরিচ্ছদ নিয়ে নেতিবাচক ও অবমাননাকর উপস্থাপন সম্পর্কে প্রেস কাউন্সিলের নীরবতায় নারীপক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গতকাল সোমবার নারীপক্ষের আন্দোলন সম্পাদক তামান্না খান পপি প্রেরিত এক লিখিত বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ পায়।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিন ধরে পত্রপত্রিকাসহ বিভিন্ন প্রচার মাধ্যমে নায়িকা পরীমনিকে নিয়ে তোলপাড় চলছে। আইনের দৃষ্টিতে সে যদি কোনো অপরাধ করে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে। প্রচারমাধ্যমের দায়িত্ব খবর পরিবেশনকালে কেবল সেই খবরটুকু তুলে ধরা; কিন্তু দুঃখজনকভাবে নারীপক্ষ লক্ষ্য করছে, এই ক্ষেত্রে প্রচারমাধ্যম নিজেরাই বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।