সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু ২৩ আগস্ট

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:৫৬

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এর আগে ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউনের কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় তা স্থগিত করা হয়।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

পিপি বলেন, গেল ২৭ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ মামলার চার্জ গঠন করেন। এ সময় বিচারক ২৬, ২৭ ও ২৮ জুলাই এ মামলায় বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন। কিন্তু কঠোর লকডাউনের কারণে তা পিছিয়েছিল। সে পরিপ্রেক্ষিতে আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট এ মামলার বাদী পক্ষের      ১৫ জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

উল্লেখ্য, আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্ব্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

ঐ বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।