এক দিনে ১৭৪ মৃত্যু সংক্রমিত ৬৯৫৯

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:৫৬

দেশে গত এক দিনে ৩৩ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৯৫৯ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ১৭৪ জনের। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন কোভিড রোগী শনাক্ত হলো; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হলো মোট ২৪ হাজার ৩৪৯ জনের। আগের দিন রবিবার সারা দেশে ৬ হাজার ৬৮৪ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ১৮৭ জনের। সেই হিসেবে এক দিনে মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্ত রোগী        বেড়েছে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৪ হাজার ১৭০ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ৯ হাজার ২৬৮ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৮০৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১৫টি। দেশে এখন পর্যন্ত মোট ৮৪ লাখ ৪১ হাজার ৫৩৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬২ লাখ ৪৪ হাজার ৪২৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ১০৮টি।

গত এক দিনে করোনাতে রোগী শনাক্তের হার ২১ দশমিক শূন্য আট শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭১ শতাংশ। মারা যাওয়া ১৭৪ জনের মধ্যে পুরুষ ৯০ জন আর নারী ৮৪ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৩৩ জন আর নারী মারা গেলেন ৮ হাজার ৩১৬ জন। তাদের মধ্যে বয়স বিবেচনায় ১০০ বছরের ঊর্ধ্বে রয়েছেন এক জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন তিন জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাত জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে এক জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ১৭ জন, খুলনা বিভাগের ১৯ জন, বরিশাল ও রংপুর বিভাগের সাত জন করে, সিলেট বিভাগের ছয় জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১১ জন। মারা যাওয়া ১৭৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৩৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ জন আর বাড়িতে মারা গেছেন চার জন।