মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানে যা ঘটেছে তার জন্য লজ্জায় বাইডেনের পদত্যাগ করা উচিত। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং অভ্যন্তরীণ অভিবাসন, অর্থনৈতিক ও জ্বালানি নীতির কারণেও জো বাইডেনের পদত্যাগ করার সময় এসেছে। নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে পৌঁছানোর পর তিনি এই বিবৃতি দেন।
যুক্তরাষ্ট্রের অভিযানে তালেবানদের পতনের ২০ বছর পরে তারা পুনরায় আকস্মিকভাবে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। বাইডেনের ঘোষিত ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের সময়সীমার দুই সপ্তাহের আগেই রবিবার তারা কাবুলের নিয়ন্ত্রণ নেয়। যদিও ট্রাম্পের অধীনেই যুক্তরাষ্ট্র ২০২০ সালে দোহায় তালেবানদের সঙ্গে একটি চুক্তি করেছিল, যাতে তালেবানের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে ২০২১ সালের মে মাসের মধ্যে মার্কিন সৈন্য প্রত্যাহার করার বিষয়টি নির্ধারিত হয়। চলতি বছরের শুরুতে বাইডেন যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি প্রত্যাহারের সময়সীমা পিছিয়ে দেন এবং এর জন্য কোনো শর্ত নির্ধারণ করেননি। ট্রাম্প বারবার বাইডেনের পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, তিনি যদি এখন প্রেসিডেন্ট থাকতেন তাহলে পরিস্থিতি অন্যরকম হতো এবং আরো সফলভাবে সেনা প্রত্যাহার হতো।
