কিছু আফগান নাগরিককে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে বাংলাদেশের না

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:৫৮

আফগানিস্তানের ক্ষমতা তালেবানের নিয়ন্ত্রণে আসার পর কিছু আফগান নাগরিককে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে বাংলাদেশকে। তবে সেই অনুরোধে সাড়া দিচ্ছে না বাংলাদেশ। কূটনৈতিক সূত্র জানায়, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করে। এই অনুরোধপত্রটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু আফগান নাগরিককে সাময়িক আশ্রয় দেওয়ার অনুরোধ পেয়েছি। আমরা এজন্য তাদের ধন্যবাদ জানাই। কিন্তু এই অনুরোধ আমরা রাখতে পারছি না। আমরা জানিয়েছি যে, ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে আমরা এমনিতেই সমস্যায় আছি। আর নতুন করে আমরা সমস্যা বাড়াতে চাই না।