কক্সবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলে খুন

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২৩:০১

কক্সবাজার শহরে মাদকের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন সেজান নামের এক তরুণ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের বইল্ল্যা পাড়া অগ্মমেধা বৌদ্ধ বিহার কম্পাউডে এই খুনের ঘটনা ঘটে।

নিহত সেজান (২০) কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে। তবে, ফোনে যোগাযোগ করা হলে মাঝু দাবি করেন সেজান তার ছেলে নয়। কিন্তু স্থানীয়রা জানান, সেজান কাউন্সিলর মাঝুর দ্বিতীয় পক্ষের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কিশোর গ্যাংয়ের সদস্য তাহের, রাজু, শাহীন, অভিসহ আরো কয়েক জন মিলে ক্যাং এলাকায় মাদক নিয়ে কথা বলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে তারা সেজানকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। সেজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।       সূত্রমতে, শুভ নামে এক যুবকের নিয়ন্ত্রণে থাকা এ কিশোর গ্যাংটি অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় নিয়মিত আড্ডা দিত। নিয়ন্ত্রণ করত মাদকসহ নানা অপরাধ।

নিহত সেজানের মা জানান, তিনি তার ছেলে সেজানকে নিয়ে শহরের জাদিরাম পাহাড় এলাকায় বাস করেন। সোমবার সকালে সেজানকে কয়েক জন কিশোর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর আগের রাতে খুনিদের সঙ্গে তার ছেলে সেজানের তর্ক হয়েছিল বলেও জানান সেজানের মা।

সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। খুনিদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সেজানকে উদ্ধারকারী খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 সেজানকে নিজের ছেলে নয় দাবি করলেও কক্সবাজার সদর হাসপাতালে মরদেহ আনা হয়েছে এমন খবর পেয়ে সেখানে যান সেজানের বাবা কাউন্সিলর নুর মোহাম্মদ ও তার মা। দুই জনেই সেখানে কান্নায় ভেঙে পড়েন।

কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে সেজান একসময় পড়াশোনা করত। তবে মাদকাসক্ত হওয়ার পর পড়ালেখা ছেড়ে দেয়।