বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে রায় কার্যকর করুন :এমপি খোকা

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০০:২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেশে পলাতক সব খুনিকে দ্রুত দেশে ফিরিয়ে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাতাদতবরণকারী অন্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় গতকাল সোমবার সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। মিলাদ মাহফিলের আগে দিনব্যাপী কোরআনখানি ও বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান এতে সভাপতিত্ব করেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রবিবার সোনারগাঁও উপজেলা পরিষদের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়।