হাজারো স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কোয়ান্টামের ‘দাফন করসেবা’

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০০:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে হাজারো স্বেচ্ছাসেবী নিয়ে ‘দাফন করসেবা’র আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টামের দাফনসেবার স্বেচ্ছাশ্রমে অংশ নেন সহস্রাধিক স্বেচ্ছাসেবী। গত রবিবার রাজধানীর কাকরাইলস্থ ওয়াইএমসিএ ভবনে স্বাস্থ্যবিধি মেনে নারী-পুরুষ নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেন ১ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী। কাকরাইলে কোয়ান্টামের দাফন ক্যাম্প কার্যালয়ে গিয়ে দেখা যায়, মরদেহের জন্য কেউ কাফনের কাপড় কাটছেন, কেউ আতর-সুরমা প্যাকেট করছেন। কেউ বডিব্যাগ প্রস্তুত করছেন, কেউ আবার পিপিই গোচ্ছাচ্ছেন।

এভাবেই কর্পূর, তুলা, মাস্ক, হ্যান্ডগ্লাভস প্যাকেটে ভরে প্রস্তুত হচ্ছে একেকটি প্যাকেট। সঙ্ঘবদ্ধভাবে হাত ঘুরে ঘুরে সেগুলো চলে যাচ্ছে গোসলখানা বা হাম্মামখানার স্টোরে। দাফনকর্মীরা সেখান থেকে একেকটি প্যাকেট ব্যবহার করেন একেকটি মরদেহের জন্য। এভাবেই হাম্মামের ভেতরে সহজেই সরঞ্জামগুলো ব্যবহার করতে মরদেহ ও দাফনকর্মীদের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে এ করসেবার আয়োজন।