জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের গভীর ও সুদূরপ্রসারী জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচনের জন্য উচ্চমানসম্পন্ন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে দেশের ৭৭ জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সচেতন নাগরিক সমাজের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু হত্যার কারণ ও নেপথ্যের কুশীলবদের চেহারা জাতির সামনে উন্মোচনের জন্য সরকারের উদ্যোগে একটি কমিশন গঠনের প্রস্তাবকে আমরা সাধুবাদ জানাই। তবে এই কমিশন কাদের নিয়ে গঠিত হবে, কার্যপরিধি কী হবে, কতদিনের ভেতর কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হবে—এ বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের স্বচ্ছ ধারণা থাকা দরকার।
গণমাধ্যমে আইনমন্ত্রীর বক্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে তিনি বলেছেন প্রস্তাবিত ‘কমিশন নিরপেক্ষ হবে’। আমরা মনে করি, এ ক্ষেত্রে ‘নিরপেক্ষ’ শব্দটি বিভ্রান্তিমূলক। নিরপেক্ষতার কথা বলা হলে ঘাতকদের দল এবং তাদের সহযোগী ও পুনর্বাসনকারীরা এ নিয়ে প্রশ্ন তুলতে পারে।
বিবৃতি দানকারীরা হলেন—বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার শফিক আহমেদ, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, কথাশিল্পী হাসান আজিজুল হক, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন নবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান প্রমুখ।
