তৃণমূলের ‘খেলা হবে’ আর বিজেপির ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ দিবসে উত্তেজনা

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০০:২৫

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনি স্লোগান ছিল ‘?খেলা হবে’?। নির্বাচনের পর ১৬ আগস্ট ‘খেলা হবে’? দিবস পালনের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দিবসটি পালন করে বিতরণ করা হয় ফুটবল। মূলত জনসংযোগ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল। কিন্তু এর মাধ্যমে তৃণমূল যাতে বাড়তি রাজনৈতিক গুরুত্ব না পায় সেজন্য একই দিনে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় বিজেপি। দুই রাজনৈতিক দলের কর্মসূচিতে গতকাল সোমবার উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতি। কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখিয়ে মহামারি আইনে গ্রেফতার হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, বিজেপির এমপি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাসহ ভারতের ১৫ রাজ্যে খেলা দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটেও এই দিবস উপলক্ষ্যে গোধরায় ফুটবল ম্যাচের আয়োজন করেছিল তৃণমূল। কিন্তু মাঠে বল গড়ানোর ২৪ ঘণ্টা আগে গোধরার সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, কোভিড পরিস্থিতির কারণে সেই অনুমতি বাতিল করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে তৃণমূল এমএলএ তাপস রায় বলেন, ?বিজেপির চাপে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এরপরও তারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে?। অন্যদিকে, বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, খেলার নামে অশান্তি করতে চাইছে তৃণমূল, ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা করছে, কোনো স্কুল এর অনুমতি দিতে পারে না।

এদিকে বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবসে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে বিজেপির কর্মসূচি হওয়ার কথা ছিল। পুলিশ অনুমতি না দেওয়ায় ধর্মতলার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা। সেখানেই তাদের কয়েক জনকে গ্রেফতার করা হয়। পরে ছেড়েও দেওয়া হয়।

কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তৃণমূলে

তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক কর্মসূচির মধ্যে জাতীয় কংগ্রেসের আসাম প্রদেশের নেত্রী, সাবেক এমপি সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি সাবেক কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের মেয়ে। সূত্রের খবর, তিনি আসামে তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গের বাইরেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বাড়াতে উদ্যোগী হয়েছেন মমতা ব্যানার্জি। এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। তিনি ত্রিপুরা এবং আসামে সংগঠন বাড়ানোর পাশাপাশি লোকসভা নির্বাচনে আসন বাড়ানোর দিকে গুরুত্ব দিয়েছেন। সূত্র জানায়, আগামী কয়েক দিনে আসামের আরো কয়েক জন নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন।