বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে সরকার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার এই সরকারের মূল উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা। গতকাল সোমবার শহরের পুনিয়াউটে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবর শ্যামলের বাসভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেল ও করোনা চিকিত্সা সুরক্ষাসামগ্রী বিতরণের এই অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি আরো বলেন, সরকার করোনা পরিস্থিতি সামাল দিতে কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে গলাবাজিতে ব্যস্ত। আর বিএনপি নিজেদের পকেটের টাকা খরচ করে নিজস্ব অর্থায়নে করোনাকালে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এ বি এম মোমিনুল হক, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান শাহিন প্রমুখ। পরে করোনায় আক্রান্তদের সেবায় অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
