আফগানিস্তানে এখনো রয়েছেন ৯ জন বাংলাদেশি

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০০:২৮

আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। দেশটি থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বহু দেশ। এ অবস্থায় দেশটিতে এখনো ছয় জন বাংলাদেশি অবস্থান করছেন বলে জানা গেছে। আফগানিস্তানের দায়িত্বপ্রাপ্ত উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম গতকাল তাসখন্দ থেকে গণমাধ্যমকে জানান, এসব বাংলাদেশিদের মধ্যে ছয় জন ব্র্যাকের কর্মী। বাকি তিন জন রয়েছেন কাবুলের কারাগারে। তিনি জানান, ব্র্যাকের ছয় কর্মী সংস্থার আবাসিক পরিচালকের বাসায় আশ্রয় নিয়েছেন। যে কারাগারে তিন জন বাংলাদেশি ছিলেন সেখানে তালেবান যোদ্ধারা ঢুকে পড়ায় বাংলাদেশি এক বন্দি পালিয়ে এসে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রদূত জানান, কাবুলে পুল এ চরকি নামে একটি বড় জেলখানায় তিন জন বাংলাদেশি ছিল। তাদের এক জন খুলনা জেলার মঈন আল মেসবাহ। তালেবান প্রবেশ করার ফলে কয়েদিরা সব পালিয়ে গেছেন, তাদের মধ্যে আমাদের মঈন আল মেসবাহও আছেন। অন্য দুজন বন্দি ঢাকার ভাসানটেকের কাউছার সুলতানা ও নোয়াখালীর ওবায়দুল্লাহ। এরা দুজন ভেতর থেকে বের হতে পেরেছেন কিনা, আমরা নিশ্চিত নই। যিনি বের হতে সক্ষম হয়েছেন তাকে পরবর্তী ‘অ্যাভেইলেভল’ ফ্লাইটে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কাবুলের বাইরে অন্য এলাকায় বাংলাদেশি আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত নন রাষ্ট্রদূত। তবে +৯৯৮-৯৯৯১১৯১০২ এবং +৯৯৮-৯৭৪৪০২২০১ এই দুটি হটলাইন নম্বর চালু করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।