মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:০১

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

শনিবার ভোররাতে মঠবাড়িয়ায় এক এসএসসি পরীক্ষার্থী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। তার নাম মোঃ রফিজুল ইসলাম (১৫)। সে উপজেলার উত্তর সোনাখালী গ্রামের কৃষক মোঃ রুহুল আমীনের ছেলে ও স্থানীয় সোনাখালী মুন্সী আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিজুলের সঙ্গে সহপাঠী এক শিক্ষার্থীর হূদয়ঘটিত সম্পর্ক ছিল। এ নিয়ে উভয়ের মধ্যে সম্প্রতি ভুল বোঝাবুঝিতে রফিজুল প্রেমে প্রত্যাখ্যাত হয়। এরপর গত কয়েকদিন ধরে সে মানসিক বিষণ্নতায় ভুগছিল। ওইদিন পরিবারের সবার অজান্তে সে ঘরে রক্ষিত চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার এসআই মোঃ তসলিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।