বিবিসি ও আলজাজিরা
আফগানিস্তানে দ্রুত দখল প্রতিষ্ঠার পর বেশ কিছু দেশের সন্ত্রাসী তালিকায় থাকা তালেবানের অনলাইন ‘কনটেন্ট’ নিয়ে নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো। তালেবানসহ বিভিন্ন সন্ত্রাসী দলের ‘কনটেন্ট’ নিয়ে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ভিন্ন ভিন্ন অবস্থানের সঙ্গে বিপত্তির বিষয়টিও তুলে ধরেছে তারা।
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক গত সোমবার জানিয়েছে, তারা তালেবানকে সন্ত্রাসী দল হিসেবে বিবেচনা করে এবং তাদের নিষিদ্ধ করাসহ দলটির সমর্থনে জানিয় বিভিন্ন পোস্টও তারা নিষিদ্ধ করেছে। তবে তালেবান সদস্যরা আফগানবাসীর সঙ্গে ফেসবুকের মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিকই সরাসরি যোগাযোগ করছে। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে তাদের প্রতিষ্ঠান। কোনো অ্যাকাউন্টের সঙ্গে দেশটির কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপের সঙ্গে সম্পর্ক পেলে হোয়াটসঅ্যাপ ব্যবস্থা নেবে। এমনকি অ্যাকাউন্টও বাতিল করা হতে পারে।টুইটার অবশ্য আফগানিস্তান দখলের সর্বশেষ অবস্থা জানিয়ে তালেবান মুখপাত্রসহ লাখো অনুসারীর পোস্ট অনুমোদন দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে টুইটার কর্তৃপক্ষ তাদের সহিংস সংগঠনবিরোধী নীতিমালা তুলে ধরলেও সেটা কীভাবে নির্ধারণ করা হয়, তার পরিষ্কার ব্যাখ্যা দেয়নি। টুইটারের নীতি বলছে, সন্ত্রাসবাদ অথবা বেসামরিক লোকজনের প্রতি সহিংসতা উসকে দেয় এমন গোষ্ঠীকে নিজেদের প্ল্যাটফরমে তারা অনুমোদন দেয় না।
ইউটিউব কর্তৃপক্ষ তালেবানের ওপর বিধিনিষেধ আরোপ কিংবা নিষিদ্ধ করেছে কি না, জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে নিজেদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’বিষয়ক নীতি বাস্তবায়নে তারা ফরেইন টেররিস্ট অর্গানাইজেশনস (এফটিও)-এর তালিকার ওপর নির্ভর করে। এক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এফটিও তালিকায় তালেবানের নাম না থাকার বিষয়টির দিকে ইঙ্গিত করেছে। যদিও তালেবানকে ‘স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।
তালেবানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বেশির ভাগ দেশ কম আগ্রহ দেখানোর কারণে বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে। তবে তালেবানের বিষয়ে বিশ্বের অবস্থান পালটাতেও পারে। তালেবানের সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের আলোচনার কথা উল্লেখ করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তাবিষয়ক গবেষক ও ইউনিভার্সিট অব এডিনবার্গের ডক্টরাল প্রার্থী সিনান সিয়েচ জানান, আন্তর্জাতিক অঙ্গনেও তালেবানের গ্রহণযোগ্যতা রয়েছে।
