নোবেলজয়ী কবি এবং গায়ক বব ডিলানের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা। ১৯৬৫ সালের ঘটনা সামনে আনলেন নামপ্রকাশে অনিচ্ছুক এক নারী।
১৯৬৫ সালে এক ১২ বছরের মেয়ের যৌন হেনস্তা করেছিলেন বব ডিলান। মার্কিন আদালতে এমনই মামলা দায়ের করলেন ৫৬ বছরের এক নারী। মামলায় নিজের নাম প্রকাশ করেননি তিনি। নিজেকে জে সি বলে পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, সে সময় ভয়ে তিনি মুখ খোলেননি। তবে ২০১৯ সালে যৌন হেনস্তার ক্ষেত্রে পুরোনো মামলা সামনে আনার যে আইন আমেরিকা তৈরি করেছে, তার ভিত্তিতে মামলাটি দায়ের করেছেন তিনি। ডিলানের মুখপাত্র সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন।
১৯৬৫ সালে ডিলানের বয়স ছিল মধ্য কুড়ি। ঐ নারীর বয়স তখন ১২। অভিযোগ, নিউ ইয়র্কের বাড়িতে এক সপ্তাহ ধরে ঐ ১২ বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন চালান ডিলান। তাকে মদ এবং ড্রাগ খাইয়ে হেনস্তা করা হতো বলে অভিযোগ করেছেন ঐ নারী। ডিলান যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি ছিলেন বলে এতদিন তিনি ভয়ে মুখ খোলেননি বলে জানিয়েছেন ঐ নারী।
মামলা দায়ের হওয়ার পরে ডিলানের মুখপাত্র বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়, গায়কের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সর্বৈব মিথ্যা। আদালতে শেষপর্যন্ত লড়াই করার জন্য ডিলান শিবির প্রস্তুত।
