ইরাকের উত্তরাঞ্চলে সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তিন তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপির
সোমবার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইরাকের তুরস্কের সীমান্তবর্তী অপারেশন জোনে পিকেকে সন্ত্রাসীদের দ্বারা তিন সৈন্য নিহত হয়েছে। ঐ বিস্ফোরণে আরো দুই সেনা আহত হয়েছে, সামরিক হাসপাতালে তাদের চিকিত্সা চলছে। তবে নিহত ও আহত সেনাদের নাম-পরিচয় এবং তাদের বর্তমান শারীরিক পরিস্থিতি জানায়নি আঙ্কারা। মূলত সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকে-বিরোধী অভিযান চালাচ্ছিল তুরস্কের সেনাবাহিনী। দীর্ঘদিন যাবত্ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় দলটি। গেল সপ্তাহেও দেশের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে মর্টারশেল ছোড়ে পিকেকে সদস্যরা। তাতে নিহত হন এক সেনাসদস্য।
বিবৃতিতে মন্ত্রণালয় তাদের দেশের সৈন্যদের নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে। সেই সঙ্গে তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তুরস্ক এর আগে উত্তর ইরাকের সীমান্তবর্তী পেন্স-সিমেস্ক ও পেন্স ইলদিরিমে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়।
