সিরিজ বোমা হামলার প্রতিবাদ
ইত্তেফাক রিপোর্ট
দেশব্যাপী জঙ্গিবাদবিরোধী মানববন্ধন, কালো পতাকা প্রদর্শন, পথসভা ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেছে যুবলীগ। গতকাল সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদতে সংঘটিত জঙ্গি সিরিজ বোমা হামলায় জড়িতদের শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
গতকাল যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল সিলেটে জাতীয় শোক দিবসের আলোচনাসভায় অংশ নেওয়ার আগে পর্যায়ক্রমে নরসিংদী জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদী পথসভায়, আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের প্রতিবাদী পথসভায় এবং শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী পথসভায় অংশগ্রহণ করেন। সভাগুলোতে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘২০০৫ সালের আজকের এইদিনে তত্কালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদতে দেশব্যাপী একযোগে ৬৩ জেলায় ৫ শতাধিক স্থানে জঙ্গি সিরিজ বোমা হামলা করা হয়। স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেই অন্ধকার বাংলাদেশকে আলোর পথে এনেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এখন ঐ জঙ্গিদের মদতদাতা খালেদা-তারেক দেশকে আবারও অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মত্ত। যুবলীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থেকেই জঙ্গিবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে, সোচ্চার হতে হবে।
এদিকে রাজধানীর ফার্মগেট সংলগ্ন আনন্দ সিনেমা হলের সামনে গতকাল দুপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। তার আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে, গুলিস্তানে প্রতিবাদী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত প্রমুখ। এ ছাড়া রাজধানীতে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগ তাত্ক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে।
২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিট প্রতিবাদী মানববন্ধন, পথসভা ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করে।
গাজীপুর প্রতিনিধি জানান, সিরিজ বোমা হামলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মহানগরীর চান্দনা চৌরাস্তায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধনে মহানগর যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মানববন্ধন চলাকালে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের নেতা আব্দুল হালিম মণ্ডল, রাহাত খান, সাখাওয়াত হোসেন, মনিরুজ্জামান মনির, পাপেল সরকার, মোবারক হোসেন ও আমিরুল ইসলাম প্রমুখ।
