ইত্তেফাক রিপোর্ট
১৫, ১৭ ও ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। এসব কর্মকাণ্ডের কুশীলবরা এখনো সক্রিয়। তারা উন্নয়ন, শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না। ২০০৫ সালের ১৭ আগস্ট তত্কালীন বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদতে সারা দেশে জঙ্গিবাদী গোষ্ঠী কর্তৃক সিরিজ বোমা হামলার প্রতিবাদে গতকাল স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এ কথা বলেন। গুলশান ২ নম্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র গুহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুল রহমান বাবু, সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, নির্মল চ্যাটার্জী, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগরের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সুজিত রায় নন্দী বলেন, ১৫ আগস্ট প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ধারায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।
