বিশেষ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ৩৬০ জন রোগী চিকিত্সাসেবা নিয়েছেন এবং গতকাল সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ১৫৪ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি আছেন ৮৯ জন রোগী। গত ৮ আগস্ট এ হাসপাতাল চালু করা হয়। কেবিন ব্লকে করোনা সেন্টারে গতকাল পর্যন্ত ১২ হাজার ৪০০ রোগী চিকিত্সাসেবা নিয়েছেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যবৃন্দের বিশেষ মতবিনিময় সভা গতকাল বিকালে শহিদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ করোনা ভাইরাস সংক্রান্ত সংবাদ প্রকাশ ও প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাংবাদিকদের ধন্যবাদ জানান। সাংবাদিকরা যাতে তাদের পেশাগত দায়িত্বপালন বিশেষ করে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা পান, সে আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় ১৬ আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমিটরির কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে সংবাদ সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একজন উপ-পরিচালকের সঙ্গে এক প্রতিবেদকের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। উপাচার্য এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন এবং এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
