শরণখোলায় ব্রিজ ভেঙে খালে

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:০৩

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলা উপজেলা সদরে এলজিইডির আওতাধীন রায়েন্দা বাজার খালের ব্রিজটি সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভেঙে পড়েছে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছে মানুষ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এলাকাবাসী জানায়, উপজেলা সদর রায়েন্দা বাজার ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকার মধ্যে সংযোগকারী রায়েন্দা বাজার খালের লোহার ব্রিজটি সোমবার দিবাগত গভীর রাতে হঠাত্ করে ভেঙে পড়ে। এ অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। এ ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। এ ব্রিজটি দিয়ে শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসা, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ কয়েকটি বরফকল, মাছের ঘাটগুলোতে যাতায়াত করতে হয়। খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান খান জানান, কংক্রিটের ঢালাই ও লোহার পিলার দিয়ে ৩৪ লাখ টাকা ব্যয়ে ১৯৯৬ সালে রায়েন্দা বাজার খালের ব্রিজটি নির্মাণ করা হয়।

নির্মাণের পরে কোনো মেরামত কাজ না করায় দীর্ঘদিন যাবত্ ব্রিজটি জরাজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি সোমবার দিবাগত গভীর রাতে ভেঙে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। এখন নতুন করে ব্রিজটি নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

উপজেলা প্রকৌশলী আবদুল মতিন বলেন, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু অ্যাপ্রোচ সড়ক নিয়ে একটু জটিলতা তৈরি হওয়ায় টেন্ডার করা যাচ্ছে না। আশা করি, শিগিগর সমাধান করা যাবে।