প্রাপ্তবয়স্ক সবার টিকা নিশ্চিতের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:১৬

বরিশাল অফিস

করোনা প্রতিরোধে চলতি বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক সবার জন্য টিকা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের বরিশাল শাখার সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড এ কে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা আহ্বায়ক কমরেড অধ্যাপক জলিলুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আ. রসিদ নিলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বিপ্লবী ওয়াকার্স পার্টি নেতা হারুন অর রশিদ মাহমুদ, বাসদ মাক্সবাদী নেতা কমরেড সাইদুর রহমান প্রমুখ। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দ্রুত করোনার টিকা প্রদানের মধ্যদিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ারও দাবি জানান বক্তারা।