স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের পীরগাছায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিপুল চন্দ্র (৪৫) নামের এক কোচিং শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিপুল চন্দ্র উপজেলার পূর্ব ব্রাহ্মণীকুন্ডা গ্রামের পুন্ন চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, মেয়েটি সোমবার দুপুরে কোচিং করতে গেলে অন্য শিক্ষার্থী না থাকার সুযোগে শিক্ষক বিপুল চন্দ্র দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিত্কারে আশপাশের লোকজন দৌড়ে এসে বিপুল চন্দ্রকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে কোচিং শিক্ষক বিপুল চন্দ্রকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
