কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কুমিল্লা ইপিজেড) কর্মরত ১০ সহস্রাধিক শ্রমিকের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইপিজেডের উপমহাব্যবস্থাপক আনিছুর রহমান নয়ন, ব্যবস্থাপক (শিল্প সম্পর্ক) আশেক মোহাম্মদ শাহাদাত হোছাইন, কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আবদুল কুদ্দুস রাসেল প্রমুখ। মঙ্গলবার কর্মসূচির প্রথম দিনে এ ইপিজেডের ৯টি শিল্পকারখানার ৩ হাজার ১৩০ জন শ্রমিককে টিকার প্রথম ডোজ পুশ করা হয়।
কুমিল্লা ইপিজেডের জিএম মো. জিল্লুর রহমান বলেন, এ ইপিজেডের ৪৫টি কারখানায় প্রায় ৩৮ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। এদের মধ্যে তিন দিনে পঁচিশোর্ধ্ব বয়সের ১০ সহস্রাধিক শ্রমিককে টিকা দেওয়া হবে, বাকি শ্রমিকদের পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে।
