গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ মিয়া (৩১) নামের এক বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ ছাড়া মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি পারভেজ মিয়া বগুড়া সদর উপজেলার ধর্মপুর দিলদারপাড়া গ্রামের শামীম আলমের ছেলে। তিনি সাম্য রাজা পরিবহন-১-এর বাস সুপারভাইজার হিসেবে চাকরি করতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ জানান, ২০১৮ সালের ১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারে হিলিগামী সাম্য রাজা-১ বাসে অভিযান চালায়। এসময় বাসের সুপারভাইজার পারভেজ মিয়াকে একটি ব্যাগে ৪৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরো তিন আসামিকে আটক করা হয়। এই ঘটনায় র্যাবের ডিএডি জাহিদ হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
