সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
সারিয়াকান্দিতে চাঁদাবাজির মামলার আসামি ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার মধ্য রাতে উপজেলার কুপতলা সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সারিয়াকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপেল মাহমুদ রনি ও তার ভাই জনিকে গ্রেফতার করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই বাবর, এএসআই কামরুল, কনস্টেবল মাহবুব ও রুবেল। এ ব্যাপারে সারিয়াকান্দি থানার এসআই কাজী নজরুল ইসলাম বাদী হয়ে কাউন্সিলর আপেল মাহমুদ রনিকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন।
সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য সোমবার রাতে পুলিশের একটি দল কুপতলা সাহাপাড়ায় অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার আসামি জনিকে গ্রেফতার করে। এ সময় জনিকে ছিনিয়ে নেওয়ার জন্য অপর আসামি জনির ভাই পৌর কাউন্সিলর আপেল মাহমুদ রনি অন্য আসামিদের নিয়ে পুলিশের ওপর হামলা ও মারপিট করে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। জনি ও রনিকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। জনির বিরুদ্ধে সারিয়াকান্দি ও গাবতলী থানায় ১৪টি মামলা রয়েছে।
